মুর্শিদাবাদের গুধিয়া হাইস্কুলের পিছনের একটি আমবাগানে গভীর রাতে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাস্থল থেকে জুয়ার বোর্ডের মোট ১৪,৩৭০ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
মুর্শিদাবাদ: বুধবার রাত ১১টার পর মুর্শিদাবাদ থানার অন্তর্গত গুধিয়া এলাকায় জুয়ার বিরুদ্ধে অভিযান চালায় পুলিশ। গুধিয়া হাইস্কুলের পিছনে একটি আমবাগানে জুয়ার আসর বসেছিল বলে খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়।
মুর্শিদাবাদ থানার আইসি-র নেতৃত্বে এবং গুধিয়া পুলিশ পোস্টের ওসি তাপস সরকারের তৎপরতায় চালানো এই অভিযানে ঘটনাস্থল থেকে মোট ৫ জনকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত পাঁচজনই গুধিয়া এলাকার বাসিন্দা।
অভিযানের সময় জুয়ার বোর্ড থেকে মোট ১৪,৩৭০ টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ।
ঘটনায় মুর্শিদাবাদ থানায় West Bengal Gambling & Prize Competitions Act-এর ৩/৪ ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃত পাঁচ অভিযুক্তকে লালবাগ ACJM আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
জুয়ার বিরুদ্ধে গভীর রাতে পুলিশের এই অভিযানকে ঘিরে গুধিয়া এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
রিপোর্ট: মুর্শিদাবাদের গুধিয়া থেকে রাকেশ | টাইমস অফ বাংলা










