Times of Bangla News Desk: মাসের শুরুতেই বড় স্বস্তি! এক ধাক্কায় ২০০ টাকারও বেশি কমল LPG-র দাম, চিন্তা কমল হাজার হাজার মধ্যবিত্তের হেঁসেলে।
আগস্টের প্রথম দিনেই অনেকটাই দাম কমলLPG র! কোন LPG সিলিন্ডারের দাম কমল, আর কারা এই সুবিধা পাবেন? জেনে নিন বিস্তারিত।
আগস্ট মাসের শুরুতেই এলপিজি সিলিন্ডারের দামে বড়সড় স্বস্তির খবর সামনে এল। তেল বিপণনকারী সংস্থাগুলি ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম এক ধাক্কায় ২০০ টাকারও বেশি কমানোর সিদ্ধান্ত নিয়েছে। নতুন সংশোধিত দাম আজ, ১ আগস্ট থেকেই কার্যকর হয়েছে। ফলে হোটেল, রেস্তোরাঁ, খাবারের দোকান-সহ বাণিজ্যিক ক্ষেত্রে এলপিজি ব্যবহারকারীরা বড় আর্থিক স্বস্তি পেলেন।
কলকাতায় ১৯ কেজির কমার্শিয়াল এলপিজি সিলিন্ডারের দাম ২০৯ টাকা কমানো হয়েছে। অন্যদিকে, দিল্লিতে একই সিলিন্ডারের দাম কমেছে ২০২ টাকা। নতুন দামে আজ থেকে কলকাতায় ১৯ কেজির একটি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের মূল্য দাঁড়িয়েছে ২,৮৭২.৫০ টাকা। তবে ১৪.২ কেজির গৃহস্থালির এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন করা হয়নি। অর্থাৎ সাধারণ পরিবারের রান্নার গ্যাসের দাম আগের মতোই বহাল রয়েছে।
এর আগেও ১ জুলাই বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দামে বড়সড় ছাড় দেওয়া হয়েছিল। সেই সময় কলকাতায় ১৯ কেজির সিলিন্ডারের দাম কমে ৩,০৮১.৫০ টাকায় নেমে এসেছিল। এবার আবারও দাম কমায় ব্যবসায়ীদের খরচ আরও কিছুটা কমবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে হোটেল, রেস্তোরাঁ, ক্যাটারিং সংস্থা এবং ছোট-বড় খাবারের দোকানগুলির জন্য এই সিদ্ধান্তকে অত্যন্ত ইতিবাচক বলে মনে করছেন ব্যবসায়ীরা।
এদিকে ঘরোয়া এলপিজি ব্যবহারকারীদের জন্য আপাতত কোনও নতুন ঘোষণা আসেনি। ১৪.২ কেজির গ্যাস সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে কলকাতায় একটি গৃহস্থালির এলপিজি সিলিন্ডারের দাম ৯৬৮ টাকা। এছাড়া মুম্বইয়ে ৯৪১.৫০ টাকা, বেঙ্গালুরুতে ৯৪৪.৫০ টাকা, আহমেদাবাদ ও গুরুগ্রামে ৯৪৯ টাকা, জয়পুরে ৯৫২.৫০ টাকা, চেন্নাইয়ে ৯৫৭.৫০ টাকা, লখনউয়ে ৯৭৬.৫০ টাকা, হায়দরাবাদে ৯৯৪ টাকা এবং শ্রীনগরে ১,০৫৮ টাকা দামে গৃহস্থালির এলপিজি সিলিন্ডার মিলছে।
মাসের শুরুতেই বাণিজ্যিক এলপিজির দামে ২০০ টাকারও বেশি ছাড় ব্যবসায়ী মহলে বড় স্বস্তির বার্তা হিসেবে দেখা হচ্ছে।









