আমবাগানে শ্রমিকদের নজরে আসে সন্দেহজনক বস্তু, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ, বোম্ব স্কোয়াড ও দমকল বাহিনী।
রাকেশ সেখ,মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের হুলাসপুরে উদ্ধার তাজা সকেট বোমা, এলাকায় চাঞ্চল্য মুর্শিদাবাদ থানার অন্তর্গত ডাঙ্গাপাড়া অঞ্চলের হুলাসপুর গ্রামে একটি বাগানের গাছের নিচ থেকে তাজা সকেট বোমা উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে আম পাড়ার জন্য কয়েকজন শ্রমিক বাগানে গেলে গাছের নিচে একটি সন্দেহজনক বস্তু দেখতে পান। পরে সেটি সকেট বোমা বলে সন্দেহ হওয়ায় তাঁরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গুধিয়া পুলিশ পোস্টের ওসি মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে পুলিশ বাহিনী।
পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে বোম্ব স্কোয়াড ও দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। বোম্ব স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার হওয়া বোমাটির আশপাশের এলাকায় মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি চালায়। প্রাথমিকভাবে আশঙ্কা করা হয়েছিল, মাটির নিচে বা আশেপাশে আরও বোমা মজুত থাকতে পারে। তবে দীর্ঘ তল্লাশির পর অন্য কোনও বিস্ফোরক উদ্ধার হয়নি।
পরবর্তীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে উদ্ধার হওয়া তাজা সকেট বোমাটি নিষ্ক্রিয় করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কে বা কারা ওই বোমাটি সেখানে রেখে গিয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।







