মুর্শিদাবাদের ইসলামপুর এলাকায় দীর্ঘদিন ধরে ভুয়ো সাংবাদিকতার আড়ালে তোলাবাজি, হুমকি ও দাদাগিরির অভিযোগে অভিযুক্ত বুলবুল হোসেন রনি অবশেষে পুলিশের জালে। “ডেইলি প্রাইম নিউজ বাংলা” নামের একটি ফেসবুক পেজকে সামনে রেখে নিজেকে সাংবাদিক পরিচয় দিত ওই ব্যক্তি। এলাকাবাসীর অভিযোগ, সাংবাদিকতার নাম ভাঙিয়ে সাধারণ মানুষকে ভয় দেখানো, চাপ সৃষ্টি করে টাকা আদায় এবং প্রভাব খাটানোই ছিল তার মূল কাজ।

অভিযোগ, গত রবিবার কলকাতা হাইকোর্টের আইনজীবী ইমতিয়াজ কবীরের বাড়িতে চড়াও হয়ে হামলা চালায় বুলবুল হোসেন রনি। শুধু মারধরই নয়, আইনজীবীকে হুমকি দিয়ে টাকা আদায়ের চেষ্টারও অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এই ঘটনায় ইসলামপুর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মানুষজন।
ঘটনার পরই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। আজ তাকে লালবাগ আদালতে পেশ করা হলে তার পক্ষে কোনো আইনজীবী দাঁড়াতে চাননি বলে আদালত সূত্রে জানা যায়। মামলার গুরুত্ব ও অভিযোগের গুরুত্ব বিবেচনা করে বিচারক ধৃত বুলবুল হোসেন রনিকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরেই ভুয়ো সাংবাদিকতার পরিচয় দিয়ে তোলাবাজি ও দাপট চালিয়ে আসছিল বুলবুল হোসেন রনি। অবশেষে তার গ্রেফতারে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সাধারণ মানুষ। আইনজীবীর উপর হামলার ঘটনায় দোষীদের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।





