রাকেশ সেখ,মুর্শিদাবাদ
কারো পৌষ মাস, তো আবার কারো সর্বনাশ! কালীপুজোর রাতে মুর্শিদাবাদ জুড়ে পুলিশের বিশেষ অভিযানে ধরা পড়ল একসঙ্গে ৭৫ জন জুয়াড়ি। উদ্ধার হয়েছে লক্ষাধিক টাকা বোর্ড মানি ও জুয়া খেলার সরঞ্জাম।
মুর্শিদাবাদ জেলার ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া সাগরপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক খোরশেদ আলম-এর নেতৃত্বে পুলিশদল ১৩টি পৃথক এলাকায় একযোগে অভিযান চালিয়ে ৫২ জন জুয়াড়িকে গ্রেফতার করে।
এই প্রথমবার এক থানার একদিনের অভিযানে এত সংখ্যক জুয়াড়ি গ্রেফতারের ঘটনা ঘটল। উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ নগদ অর্থ (বোর্ড মানি) ও জুয়া খেলার সরঞ্জাম।
অন্যদিকে, মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুর থানার পুলিশ ছোট বসন্ততলা, কোর্ট মার্কেট এবং খাগড়া নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে ২৩ জন জুয়াড়িকে গ্রেফতার করে।
উদ্ধার হয়েছে ১ লক্ষ ১ হাজার টাকা বোর্ড মানি এবং জুয়া খেলার সামগ্রী।
পুলিশ সূত্রে খবর,
সাগরপাড়া ও বহরমপুর থানায় পৃথকভাবে WBG এবং PC আইনের অধীনে মামলা রুজু করা হয়েছে।
ধৃত ৭৫ জন অভিযুক্তকেই আজ আদালতে তোলা হচ্ছে।
সাগরপাড়া থানার এক পুলিশ আধিকারিক বলেন — “আইন নিজের পথে চলবে। সমাজবিরোধী বা অবৈধ জুয়া খেলার বিরুদ্ধে পুলিশের অভিযান ভবিষ্যতেও চলবে।”
এই ঘটনাকে ঘিরে দুই থানার এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, কালীপুজো ও দীপাবলির সময় যাতে কোনোভাবেই অবৈধ জুয়া বা জুয়ার আড্ডা গড়ে না ওঠে, সেই লক্ষ্যেই এই বিশেষ অভিযান।





