মমতাকে কাদা-জুতো ছোড়ার ঘটনায় মুখ খুললেন অগ্নিমিত্রা পাল, বললেন—‘এটা বিজেপির সংস্কৃতি নয়’

রাজ্যের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে হালিশহরে বিক্ষোভের ঘটনায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। মৃত এক তৃণমূল কর্মীর বাড়িতে দেখা করতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, সেখানে তাঁকে লক্ষ্য করে কাদা ও জুতো ছোড়া হয়। পাশাপাশি শোনা যায় ‘চোর চোর’ স্লোগানও। মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে এই ঘটনার পরই মুখ খুলেছেন রাজ্যের পুরমন্ত্রী তথা বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। প্রাক্তন মুখ্যমন্ত্রীর উপর এই ধরনের আচরণের তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি। সংবাদমাধ্যমকে অগ্নিমিত্রা পাল বলেন, “১৪ বছর ধরে উনি যা-ই করে থাকুন না কেন, আমি এই নতুন সরকারের একজন সদস্য এবং মুখ্যমন্ত্রীর একজন সমর্থক। তবে মারধর, হেনস্থা কিংবা কাদা, কালি বা জুতো ছোড়ার মতো কাজকে আমি, আমাদের দল কিংবা আমাদের সরকার কেউই সমর্থন করি না। এটি আমাদের সংস্কৃতির অংশ হতে পারে না। এটা বিজেপির সংস্কৃতি নয়।” তিনি আরও বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো অনেক ভুল করেছেন বা অনেক অন্যায় করেছেন। কিন্তু এই ধরনের আচরণ আমরা কখনওই সমর্থন করতে পারি না। বিশেষ করে একজন নারী, একজন বয়স্ক নারীর প্রতি। আমরা এর অনুমোদন দিই না। বিজেপির প্রতিনিধিত্ব করার দাবি করে কেউ যদি এই ধরনের কাজ করে থাকেন, তাহলে তা ভুল।” অন্য একটি সংবাদমাধ্যমকে দেওয়া বক্তব্যেও একই সুর শোনা যায় অগ্নিমিত্রা পালের গলায়। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে কাদা ও জুতো ছোড়া হয়েছে, এমনকি ‘চোর চোর’ স্লোগানও দেওয়া হয়েছে। তাঁর কথায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজনৈতিক অভিযোগ থাকতেই পারে, কিন্তু তার অর্থ এই নয় যে তাঁকে লক্ষ্য করে কাদা বা জুতো ছোড়া হবে। অগ্নিমিত্রা বলেন, “হ্যাঁ, আমি মানছি মমতা বন্দ্যোপাধ্যায় অনেক দোষ করেছেন। ১৫ বছর ধরে অত্যাচার হয়েছে। মহিলাদের সম্মান করেননি, চুরি হয়েছে—আমি সবটাই মানছি। কিন্তু তার মানে এই নয় যে আপনি তাঁকে উদ্দেশ্য করে কাদা ছুড়বেন, ‘চোর চোর’ স্লোগান দেবেন, জুতোর মালা পরাবেন। হোয়াট ইজ দিস?” এদিকে, হালিশহর থেকে বেরিয়ে যাওয়ার পর গোটা ঘটনার জন্য বিজেপির বিরুদ্ধেই সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, পুলিশের সামনেই তাঁর গাড়িকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। মমতা বলেন, “আমার তো মাথায় ফেটে যেত। আমরা সবাই মরে যেতাম। পুলিশের সামনে এরকম হামলা আগে দেখিনি। পুলিশ নিষ্ক্রিয় থেকে বিজেপিকে সুরক্ষা দিচ্ছে।” তাঁর আরও অভিযোগ, “পুলিশের সামনেই আমার গাড়িতে হামলা। আমার গাড়িতে বিজেপির লোকরা ইট ছুড়ে মারছে। মৃতের স্ত্রীকে আমার সঙ্গে পর্যন্ত কথা বলতে দেওয়া হয়নি। এই ঘটনার জন্য পুলিশমন্ত্রী দায়ী।” মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগ এবং অগ্নিমিত্রা পালের প্রতিবাদ—দুই ভিন্ন রাজনৈতিক বক্তব্যকে কেন্দ্র করে হালিশহরের ঘটনাকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়ল।